হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দেশের বর্তমান কিছু সমস্যা একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমস্যাগুলো পাহাড়ের মতো জমে উঠেছে। তাই সব সমস্যার সমাধান একসঙ্গে করা সম্ভব নয়। ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে।
সাবেক সরকারের সমালোচনা করে এমপি ফয়সল বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে তারা জনরোষের মুখে ভারতে পালিয়ে গেছে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সময় প্রয়োজন। এক বছরের কাজ একদিনে করা সম্ভব নয়। জনগণের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে। আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের উন্নয়ন করা এবং তাদের খেদমত করার সুযোগ পাওয়া-এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা। আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন। এলাকার মানুষের জন্য কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। রোববার বিকালে মাধবপুর উপজেলার মৌজপুর মাদ্রাসা মাঠে বিএনপি আয়োকিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, আনোয়ার হোসেন, আল আমিন, ছায়েদ মিয়া প্রমুখ।