দিনাজপুর-৬ আসনের চার উপজেলা-বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরের অংশগ্রহণে শুরু হয়েছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “তৃণমূল থেকেই যেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়-এটাই আমাদের প্রত্যাশা।” তিনি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, প্রধান অতিথির সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. শরিফা করিম স্বর্ণা। এ ছাড়া বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ফুটবল দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা আরও বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে তারা আশা করছেন।