চরভদ্রাসনে মা ইলিশ নিধনের প্রস্তুতি নিচ্ছে দুর্বৃত্ত জেলেরা

পদ্মাপারে নৌকা ও কারেন্ট জাল তৈরির ব্যস্ততা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম
পদ্মাপারে নৌকা ও কারেন্ট জাল তৈরির ব্যস্ততা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলাটি পদ্মা নদী বেষ্টিত। আগামী ৮ অক্টোবর থেকে ইলিশের প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে। আর এ প্রজনন মৌসুমকে সামনে রেখে উপজেলার দুর্বৃত্ত জেলেরা মা ইলিশ ধরার প্রস্ততি নিচ্ছে বলে জানা গেছে। তারা পদ্মা পারের বিভিন্ন এলাকায় নৌকা ও কারেন্ট জাল প্রস্তুত করতে ব্যাস্ত হয়ে উঠছে। জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ নিধনের জন্য্য বিভিন্ন ফন্দি আটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের উদ্দেশ্যে কিছু জেলে আগে থেকেই নৌকা ও জাল প্রস্তুত করছেন। বিশেষ করে পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন গ্রামের জেলে পরিবারগুলো কারেন্ট জাল তৈরি ও নৌকা মেরামতের কাজে ব্যাস্ত সময় কাটাচ্ছে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের পদ্মার পারের জেলেরা, মাথাভাঙ্গা গ্রাম, আব্দুল গফুর মৃধার ডাঙ্গি গ্রাম, টিলারচর, জাকিরের সূরা গ্রামের ভাঙ্গার মাথায় পদ্মা পারে, চর হরিরামপুর ইউনিয়নের চর শালীপুর, আমিন খার ডাঙ্গি, আরজখার ডাঙ্গী গ্রাম এবং চর ঝাউকান্দা ইউনিয়নের পদ্মা পারের চর কল্যানপুর, চরতাহেরপুর, চর কালকিনিপুর, চর মির্জাপুর ও দিয়ারা গোপালপুর এলাকা সহ বিভিন্ন জায়গায় ইলিশ নিধনের জন্য গোপনে নৌকা ও জাল তৈরি করে চলেছে দুর্বৃত্ত জেলেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানায়,“ প্রজনন মৌসুমে মাত্র বাইশ দিন পদ্মায় যে পরিমান ইলিশ আসে তা আমরা সারা বছরেও পাই না। তাই প্রশাসনের অভিযানের ফাঁক ফোঁকরের মধ্যে দিয়ে আমরা ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছি”। এ ব্যাপারে বৃহস্পতিবার উপজেলার চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী জানান, “প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন অব্যাহত থাকলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে নৈতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ইলিশ সম্পদ সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময় নদীতে অবৈধভাবে মাছ ধরার প্রবণতা ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি দরকার বলে তিনি মন্তব্য করেন”। আর উপজেলা মৎস্য অফিসার নাঈম হোসেন বিপ্লব বলেন, “ ইলিশ সম্পদ রক্ষার জন্য প্রজনন মৌসুমে দিনরাত আমাদের অভিযান অব্যাহত থাকবে”।

আপনার জেলার সংবাদ পড়তে