রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানার সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত চার নম্বর আসামি। ২৭ সেপ্টেম্বর করা ওই মামলার নম্বর ১৪। মামলায় অবৈধ জনতা গঠন, বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র নিয়ে দাঙ্গা সৃষ্টি, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত ও হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে ২৭ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের ইন্ধন ও নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা চালায়। তাদের হাতে পিস্তল, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, ছুরি, রড ও লাঠিসোঁটা ছিল। হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে কয়েক দফা গুলি ছোড়ে। পরে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস’ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।
এজাহারে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার মাহমুদসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকেও (৫৯) ডিবি গ্রেপ্তার করে।
গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের দ্বিতীয় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করছিলেন।
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।