মেগা প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৯ পিএম
মেগা প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগ্রহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার, ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ, সরকারি ভবনের ছাদে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচিও রয়েছে। 

এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ফেনী সফর। সফরকে কেন্দ্র করে জেলার পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি সড়কপথে গুলশানের বাসভবন থেকে ফেনীর উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর, মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন।

সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। 

দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন। সেখানে সরকারি ভবনের ছাদে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ডাকবাংলোয় মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন।

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনের ছাদে স্থাপিত এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্মিলিত সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিন উপজেলায় এই সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।

এরপর দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প
প্রধানমন্ত্রীর সফরের অন্যতম প্রধান কর্মসূচি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।

প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট স্থাপনের কাজ রয়েছে।

প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ, সিলোনিয়া নদীতে বাঁধ নির্মাণ এবং নদী খনন ও সংস্কারের পরিকল্পনাও রয়েছে। 

সফর ঘিরে কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সফরের বিভিন্ন এলাকা রেড, ইয়েলো ও হোয়াইট জোনে ভাগ করা হয়েছে। রেড ও ইয়েলো জোনে প্রবেশের জন্য নির্ধারিত নিরাপত্তা কার্ডের প্রয়োজন হবে। সাধারণ মানুষের জন্য হোয়াইট জোন উন্মুক্ত থাকবে।

নিরাপত্তায় এসএসএফ, পিজিআর, বিজিবি, পুলিশ, এসআরবি, কোস্ট গার্ড ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন ইউনিটের প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে উদ্বোধনী অনুষ্ঠানস্থলের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। নির্মাণ করা হয়েছে মঞ্চ ও উদ্বোধনী ফলকের স্থান। জনসাধারণের জন্য নিরাপদ পানি, পানির ট্যাংক, অস্থায়ী টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থারও প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক এবং অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাডও প্রস্তুত করা হয়েছে। তবে সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সড়কপথেই পরশুরামে যাবেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনী প্রধানমন্ত্রীর মাতামহের বাড়ির এলাকা হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে সফর ঘিরে বিশেষ আগ্রহ রয়েছে।

প্রধানমন্ত্রীর ফেনী সফরটি প্রথমে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে