মুক্তির সাত বছর পর বাড়তি দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে মার্ভেল ও ডিজনির জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন সিনেমার ভিড়েও বক্স অফিসে দাপট দেখিয়ে উত্তর আমেরিকায় সপ্তাহান্তের আয়-তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকার ৩ হাজার ৬০টি প্রেক্ষাগৃহ থেকে সপ্তাহান্তে ২ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। অনলাইনে বহু বছর ধরে সিনেমাটি দেখার সুযোগ থাকলেও নতুন করে প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ অবাক করেছে সংশ্লিষ্টদের। বিদেশের বাজারে আরও ভালো করেছে সিনেমাটি। সেখানে আয় করেছে প্রায় ৬ কোটি ডলার। ফলে বিশ্বজুড়ে প্রথম সপ্তাহান্তেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৬০ লাখ ডলার। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর এই সাফল্য সামনে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়েও মার্ভেল ভক্তদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এদিকে নতুন সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে রবার্ট প্যাটিনসন অভিনীত ‘প্রাইমটাইম’। ২ হাজার ৮৬৩টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি প্রথম সপ্তাহান্তে আয় করেছে ১ কোটি ৯২ লাখ ডলার। মাত্র দেড় কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটি এরই মধ্যে প্রেক্ষাগৃহে লাভের পথে রয়েছে। অন্যদিকে ব্র্যাড পিট অভিনীত ‘দ্য হার্ট অব দ্য বিস্ট’ ২ কোটি ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে। সিনেমাটির বিশ্বব্যাপী প্রথম সপ্তাহের আয় ৫ কোটি ১০ লাখ ডলার। দ্বিতীয় সপ্তাহে ‘রেসিডেন্ট ইভল’ আয় করেছে ২ কোটি ৩০ লাখ ডলার। আর অ্যানিমেশন সিনেমা ‘ফরগটেন আইল্যান্ড’ ১ কোটি ২৮ লাখ ডলার আয় করে পঞ্চম স্থানে রয়েছে।