শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন টম ব্যান্টন। তার দুর্দান্ত ইনিংসের সঙ্গে হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ইংলিশদের রান পাহাড়ে চাপা পড়ে শ্রীলঙ্কা। ২২৩ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ডাক খেয়ে ফেরেন বেন ডাকেট। এরপর জো রুটকে নিয়ে বিপর্যয় সামাল দেন ব্যান্টন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৬২ রান। রুট ৩৭ বলে ১৮ রান করে ফিরে যাওয়ার পর ব্যান্টনের সঙ্গে জুটি বাঁধেন ব্রুক। এই জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ব্যান্টন ও ব্রুক যোগ করেন ১৫০ রান। ১০৫ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসে ১৬টি চার ও ৫টি ছক্কা মারেন ব্যান্টন। ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ব্যান্টনের বিদায়ের পরও ইংল্যান্ডের রান তোলার গতি কমেনি। ব্রুক ৬৬ বলে ৭৭ রান করেন। জর্ডান কক্স ৫২ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে দিলহারা ফার্নান্দো ৩ উইকেট নেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের বলে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুশল মেন্ডিস ২৬ বলে ৩৫ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। দ্রুত আরও কয়েকটি উইকেট হারালে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ১৭তম ওভারে ৮২ রানে ৬ উইকেট। শেষ পর্যন্ত ২৯.১ ওভারে ১৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। লিয়াম ডসন ২৬ রানে ৩ উইকেট এবং গাস অ্যাটকিনসন নেন ২ উইকেট। ফলে ২২৩ রানের বড় জয় পায় ইংল্যান্ড।