চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্প, ‘যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনবেন?’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্প, ‘যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনবেন?’
ছবি: সংগ্রহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে আগ্রহী কি না, তা জিজ্ঞেস করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ডেভিড পারডু এ তথ্য জানিয়েছেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের বরাতে গার্ডিয়ান ও এপি এ তথ্য প্রকাশ করেছে। 

ডেভিড পারডু বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে, ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সময় সেই বিষয়টি তুলে ধরেছিলেন। একপর্যায়ে তিনি চীনা প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে আগ্রহী কি না, সেটিও জিজ্ঞেস করেন। তবে কখন এই প্রস্তাব দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি পারডু।

ট্রাম্প গত সপ্তাহে ওয়াশিংটনে শি জিনপিংকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানান। দুই নেতার বৈঠকের পর তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তাইওয়ানের জন্য প্রায় ১৪ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজের অনুমোদন কয়েক মাস ধরে আটকে আছে। 

গত মে মাসে বেইজিংয়ে শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ স্থগিত রাখার কথা জানিয়েছিলেন। তখন তিনি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিকে চীনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একটি ‘খুব ভালো দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেছিলেন। 

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে চীন। গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও শি জিনপিং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে ট্রাম্পকে আহ্বান জানান বলে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে গার্ডিয়ান জানিয়েছে। 

তবে চীনকে অস্ত্র বিক্রির কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে পরে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্র দপ্তরও বলেছে, চীনের কাছে অস্ত্র বিক্রি দেশটির আইনে নিষিদ্ধ এবং চীনকে অস্ত্র বিক্রির কোনো প্রস্তাব বা পরিকল্পনা নেই। 

ট্রাম্পের বক্তব্যের বিষয়ে তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী চেন মিং-চি চীনের সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাইওয়ান প্রণালিতে পরিস্থিতি গুরুতর। চীনের অর্থনীতি দুর্বল হলেও দেশটি সামরিক সক্ষমতা বাড়াতে আরও বেশি সম্পদ ব্যয় করছে এবং যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত।

এদিকে ডেভিড পারডু শুক্রবার সিএনবিসিকে জানিয়েছিলেন, তাইওয়ান বিষয়ে ট্রাম্পের নীতিতে কোনো পরিবর্তন হয়নি, অস্ত্র বিক্রির ক্ষেত্রেও নয়। ট্রাম্পও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর থেকে চীনকে অস্ত্র বিক্রির বিষয়টি আর প্রকাশ্যে উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন, তাইওয়ান বিষয়ে তাঁর অবস্থান শি বুঝতে পেরেছেন। 

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। তবে চীনের সঙ্গে সম্পর্কের কারণে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান কৌশলগতভাবে অস্পষ্ট। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী, দ্বীপটির আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা রয়েছে।

সূত্র: এপি ও গার্ডিয়ান

আপনার জেলার সংবাদ পড়তে