সরাইল-নাসিরনগর-লাখাই

আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজের উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার সকালে নাসিরনগর কলেজ মোড় ইমরান চত্বরে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. হান্নান।

উদ্বোধন উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে নাসিরনগর কলেজ মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দার চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান এমপি। প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান বলেন,উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার শিক্ষা, কৃষি,ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলে। তাই সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ হলে নাসিরনগরসহ সিলেট অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। এতে সিলেটের সঙ্গে সড়কপথের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরজ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট  আলী আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরফান উদ্দিন,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রমজান আলী,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ইব্রাহিম ভূঁইয়া রেনু,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।  অনুষ্ঠানে  স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান,প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৬ কোটি টাকা। ২০২৮ সালের জুন মাসের মধ্যে সওজ-এর অধীনে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। সড়কটি নির্মিত হলে নাসিরনগর ও সরাইল উপজেলার পাশাপাশি প্রতিবেশী হবিগঞ্জ জেলার সঙ্গে রাজধানী ঢাকা ও অন্যান্য অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা স্থানীয় কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে