মান্দায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম
মান্দায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

নওগাঁর মান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নাইম হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের লিলাবাজারে এ ঘটনা ঘটে।

আহত নাইম ইসলাম মোয়াই গ্রামের মামুনুর রশীদের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

অন্যদিকে অভিযুক্তরা হলেন একই গ্রামের সেতু মণ্ডল, তাঁর ছেলে রিফাত হোসেন এবং আব্দুস সাত্তারের ছেলে সোহাগ হোসেন।

আহত নাইমের বাবা মামুনুর রশীদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেলে তাঁর ছেলে নাইমকে রিফাত হোসেন বাড়ি থেকে ডেকে লিলাবাজারে নিয়ে যান। সেখানে আগে থেকেই রিফাতের বাবা সেতু মণ্ডল ও সোহাগ হোসেন অবস্থান করছিলেন। নাইম সেখানে পৌঁছানোর পরপরই তাঁরা লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে নাইমকে মারধর করে গুরুতর আহত করা হয়।

নাইমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করেন তাঁর বাবা। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে