মামলা ছাড়াই রাতভর আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম
মামলা ছাড়াই রাতভর আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

মামলা ছাড়াই বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে রাতভর থানা ও জেলা ডিবি পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেছেন। এরমধ্যে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়ার রত্মপুর এলাকার নিজ বাড়ি থেকে রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ তালুকদারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে সে (ফরহাদ) শারীরিকভাবে অসুস্থ্য। তার নামে কোন মামলাও নেই। তারপরেও হয়রানীর উদ্দেশ্যে অসুস্থ্য ফরহাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ফরহাদ তালুকদারকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে একইদিন রাতে কোন মামলা ছাড়াই গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়ার বাড়িতে থানা ও জেলা ডিবি পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। তবে এসময় উল্লেখিতরা বাড়িতে ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এলাকায় নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠকের সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে