আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার সন্দেহে মো. মিজান (৪২) নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশাল মহানগরীর বন্দর থানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের। শারীরিক প্রতিবন্ধী মিজান বরিশাল সদর উপজেলার চরকোয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ও আটককৃত মিজানের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত একটার দিকে মিজানকে তার বসত ঘর থেকে আটক করেছে বন্দর থানা পুলিশ। মিজানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই মিজানের একটি পায়ে সমস্যা রয়েছে। যেকারণে তার চলাফেরা করতে চরম অসুবিধা হচ্ছে। শারীরিক প্রতিবন্ধী মিজানকে আটকের কারণ জানতে বন্দর থানার ওসি মো. ইসমাঈল হোসেন জানিয়েছেন, মিজানের বাবা সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সে কারণে মিজানেরও আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তবে স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, মিজান কখনও কোনো রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে উদ্দেশ্য প্রনেদিতভাবে আটক করেছে পুলিশ।