সাতক্ষীরায়

পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫২ পিএম
পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ।  এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে আসামিদের স্বজনেরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) বদরুজ্জামান ও কনস্টেবল নাজমুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ বাদী হয়ে ইউপি সদস্য মশিউর রহমান ও তাঁর সহযোগীসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফনকাজে সহায়তার জন্য পুলিশের একটি দল গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যায়। দাফন শেষে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের নিয়ে শ্যামনগর থানার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা শাহিনুর ও মহিদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যান। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মামলার ৪ নম্বর আসামি রিপনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে