রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে জমজম টাওয়ারের পাশে চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।