জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে

তানোরে সাড়ে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৩ পিএম
তানোরে সাড়ে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি
রাজশাহীর তানোর সদরে অবস্থিত সার ও কীটনাশক দোকানে জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সাড়ে ২৪ লাখ টাকার কীটনাশক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে ইসলাম ট্রের্ডাস নামক দোকানে রহস্যজনক এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেবর) ইসলাম ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেবর) রাত ৮টার দিকে দোকানের মালিক সাটার টেনে তালা দিয়ে চলে যান। পরদিন ১৮ (সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ওই দোকানের মালিকের পিতা মাইনুল ইসলাম দোকান খুলে গোডাউনের ভিতরের তালা ও দোতালার জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।

পরে জানা যায় ইনসিপিও ৮০ মিলি ৮১ কার্টন, ইনসিপিও ১০০ মিলি ৫৪ কার্টন, এমিস্টার টপ ২০ মিলি ২০ কার্টন কীটনাশক চুরি হয়ে গেছে। যার বাজার মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন দোকানদার। এবিষয়ে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান বলেন, ‘নাইট গার্ডরা প্রতিদিনের মতো দায়িত্ব পালন করা অবস্থায় পেছনের দিকে দোতালার জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সিনজেনটা কোম্পানীর সবচাইতে দামী বিষের কার্টনগুলো চুরি হয়ে গেছে। আনুমানিক রাত ২টার মধ্যে একটি চার্জার ভ্যানে করে চোরের দল মেইন রোড় দিয়ে চোরাই কীটনাশকের কার্টুনগুলো নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, সিসিটিভি ফুটেজ যাচাই করে চোরের দলকে দ্রুত শনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ওসি। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে