রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৮ পিএম
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক

রাজশাহী নগরের নাদের হাজির মোড় এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাবেক এক পুলিশ কর্মকর্তাসহ এক নারীকে উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাদের বের করে আনা হয়। থানায় নেওয়া পুলিশ কর্মকর্তা মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি ছিলেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং বর্তমানে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব আলম ও সানজিদা মৌ নামে এক নারী অবস্থান করছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আন্নি আক্তার নামে এক নারী ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করেন। সাড়া না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি। এরপর ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুজনকে বের করে আনে। আন্নি আক্তার নিজেকে মাহবুব আলমের স্ত্রী দাবি করে অভিযোগ করেছেন, চলতি বছরের শুরুতে তাদের বিয়ে হয়। অন্যদিকে মাহবুব দাবি করেন, আন্নিকে চারদিন আগে তালাক দিয়েছেন। তবে এ নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সানজিদা মৌকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন মাহবুব আলম। তবে এ দাবির পক্ষে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন আন্নি আক্তার। বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট জানিয়েছেন, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই রাজশাহীতে গেছেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ছুটিতে থাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও সানজিদা মৌয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় এসে বিষয়টি পর্যালোচনা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে