সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ফরিদুল হকের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির রোল নম্বর ১ থেকে ১০ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘আব্দুল লতিফ সরদার শিক্ষাবৃত্তি’ এবং ‘ড. প্রদীপ কুমার ঘোষ স্মৃতি বৃত্তি’র অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিরুল ইসলাম স্যার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সভাপতি অধ্যাপক কাজী ফরিদুল হক ও সাবেক সভাপতি যথাক্রমে আব্দুল লতিফ সরদার, কল্যাণ কুমার ঘোষ,অভিভাবক সদস্য জনাব সমীর কুমার ঘোষ ।
বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান শিক্ষার্থীদের আগামী দিনে আরও বেশি দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।