মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভবেরচর বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে অবৈধ ভাবে ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।