চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়ায় জাহাজের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৪ পিএম
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়ায় জাহাজের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ১

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে বালু/সিমেন্টবাহী একটি ভারী জাহাজের ধাক্কায় মাটিবাহী নৌকা ডুবে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

​বুধবার দুপুরে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকার হযরত আতিক শাহ (রহ.) মাজারের সংলগ্ন ডাকাতিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি স্থানীয় রাজুর আতিক শাহ ব্রিকফিল্ডের মাটি কাটা শ্রমিকের কাজ করতেন। 

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্রিকফিল্ডের জন্য মাটি আনতে একটি ছোট নৌকায় করে শ্রমিকেরা নদী পার হচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগামী একটি ভারী জাহাজের সঙ্গে নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায় এবং নৌকায় থাকা দুই শ্রমিক নদীতে ছিটকে পড়েন।

​পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক নুরুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এ বিষয়ে স্থানীয় ব্রিকফিল্ড মালিক রাজু আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শ্রমিকের মরদেহ তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায় পাঠানো হয়েছে। নদীপথে এভাবে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে