চাঁদপুর আদালত বর্জন ঘোষণা আইনজীবীদের, বিচার কার্যক্রমে অচলাবস্থা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম
চাঁদপুর আদালত বর্জন ঘোষণা আইনজীবীদের, বিচার কার্যক্রমে অচলাবস্থা

চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করেছেন জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার (ফয়সাল)-এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ সিনিয়র আইনজীবী ও সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আইনজীবী সমিতির সূত্রে জানা যায়, বিচারকদের কিছু অনিয়ম, পেশাগত অসদাচরণ এবং আইনজীবীদের সাথে অপেশাদারসুলভ আচরণের প্রতিবাদে এই বর্জনের ডাক দেওয়া হয়েছে। সাধারণ সভায় বক্তারা বলেন, বিচার বিভাগে আইনজীবীদের যথাযথ সম্মান প্রদর্শন এবং ন্যায়বিচার নিশ্চিত করার পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও বিচারকাজে একতরফা প্রভাব এড়াতেই আদালত বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

এই কর্মসূচির ফলে উল্লেখিত আদালতগুলোতে নির্ধারিত মামলার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা বিচারকার্য সম্পন্ন করতে না পেরে আদালত চত্বর থেকে ফিরে গেছেন।

আইনজীবী সমিতির নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে