বরিশালের মুলাদীতে দস্যুতা ও পুলিশ অ্যাসল্ট মামলার ২ আসামিকে দেশিয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মুলাদীর পৌরসভা এলাকা থেকে রুহুল আমিন ওরফে আমিন (৪৩) ও জাহিদ ব্যাপারী (২৫) নামের দুই আসামি গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে দেশিয় ধারালো অস্ত্র, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকদের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি পুলিশ অ্যাসল্ট, ১টি দস্যুতা এবং একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
রুহুল আমিন ওরফে আমিন মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের মৃত মান্নান হাওলাদার ওরফে মনাই হাওলাদারের ছেলে এবং জাহিদ ব্যাপারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুলাদী গ্রামের মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে।মুলাদী থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানার নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রুহুল আমিন ও জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ২টি দেশিয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ৪,০৭৭ টাকা এবং মাদক মাপার ২টি ডিজিটাল পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।
থানার নথি পর্যালোচনা করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুহুল আমিন এবং জাহিদ এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে মুলাদী থানায় আগে থেকেই দুটি মাদক মামলা, একটি পুলিশ অ্যাসল্ট (পুলিশের ওপর হামলা) মামলা এবং একটি দস্যুতার মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, 'গ্রেপ্তার যুবকেরা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। মঙ্গলবার রাতের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে রাতেই অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে দুই আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।