কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সফলভাবে সম্পন্ন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সফলভাবে সম্পন্ন

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬’। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। আটটি ইভেন্টের মোট ১২টি ডিসিপ্লিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এবারের আসরে মো. আবদুল মান্নান লাডু ট্রফি ‘স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’র পুরস্কার জিতেছেন মিদুল হাসান। সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম দ্বৈতে মো. জহিরুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। এছাড়া ক্যারম এককে রানারআপ, আর্চারিতে তৃতীয় এবং ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হন এই উদীয়মান ক্রীড়া সাংবাদিক।

অন্যদিকে, বিভিন্ন ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম রানারআপ হয়েছেন মনজুর এলাহী শান্ত। শুটিং ও শটপুটে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম এককে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এছাড়া কলব্রিজে চ্যাম্পিয়ন, টুয়েন্টি নাইনে সুদীপ্ত আহমদ আনন্দের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জয় এবং দাবাতে তৃতীয় স্থান অর্জন করে দ্বিতীয় রানারআপ হয়েছেন জাহিদ মুনীর।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, "সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া সাংবাদিকদেরও খেলাধুলায় যুক্ত থাকা জরুরি।" এই আয়োজন শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী করার পাশাপাশি সারা দেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ধারাবাহিকভাবে এমন সুন্দর আয়োজনের জন্য বিএসপিএর সদস্যদের ধন্যবাদ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ সময় দেশের ক্রীড়া খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, আসন্ন এশিয়ান গেমসের পর দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে। আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক অর্জনের সম্ভাবনা রয়েছে-এমন ইভেন্টগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম। সবশেষে যথাযথ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি টানা হয়। মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি একই মঞ্চে সংগঠনের নবীন সদস্যদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে