ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দেবেন এম এ হান্নান এমপি। এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পর নাসিরনগরে বিএনপির নেতাকর্মীরা আবেগ আপ্লূত হয়ে সংসদ সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এবিষয়ে নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘এম এ হান্নান এমপি তৃণমূল থেকে উঠে আসা এক নেতা। একটি ইউনিয়নের চেয়ারম্যান থেকে আজ তিনি এমপি। এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল। আওয়ামীলীগ সরকারের সময় অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও তিনি দলীয় নেতাকর্মীদের নিজ সন্তানের মতো বুকে আগলে রেখেছেন। মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় খুশি নেতাকর্মীরা।’ এছাড়া তিনি একজন শহীদ পরিবারের সন্তান হওয়ার পাশাপাশি তাঁর ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংসদ সদস্য ও উপজেলা বিএনপির বতর্মান সভাপতি এম এ হান্নান বলেন, ‘নাসিরনগর মানুষ ভালোবেসে আমাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে আজকের এই পর্যায়ে এনেছেন। নাসিরনগর আসনে প্রথমবারের মতো আমি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার যোগ্যতা। নানা সময় দলের নানান পদে কাজ করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে। তবু কখনও বিশ্বাস হারাইনি। মানুষ বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। আমি আমার সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও এলাকার মানুষের সেবা করতে চাই।’