পুঠিয়ায় সারের জন্য সড়ক অবরোধ কৃষকদের

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৮ পিএম
পুঠিয়ায় সারের জন্য সড়ক অবরোধ কৃষকদের

রাজশাহীর পুঠিয়ায় পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। কৃষকদের অভিযোগ,জমি প্রস্তুত ও ফসল রোপণের গুরুত্বপূর্ণ সময়ে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। কোথাও সার থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে তা দেওয়া হচ্ছে না। কিন্তু বেশি টাকা দিলে কালোবাজারে পর্যাপ্ত পরিমাণ সার পাওয়া যাচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির ব্যবস্থা করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাদের অনিয়ম ও গাফিলতির কারণে বেশকিছু কালোবাজারী সিন্ডিকেট গড়ে উঠেছে। একই সঙ্গে কৃত্রিম সংকট ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কৃষকরা।  সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বানেশ্বর বাজারে এবং বাগাতিপাড়ার চারঘাট  উপজেলার সীমান্তবর্তী জাগিরপাড়া বাজারে সিন্ডিকেট করে কালোবাজারে শতশত বস্তা বিভিন্ন রকম সার বিক্রি হচ্ছে। সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাসসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। দ্রুত সার সংকট সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার জেলার সংবাদ পড়তে