ওয়ার্ল্ড হাইয়েস্ট নম্বর পেয়ে ‘ও’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইব্রাহিম আল ওয়াফী। ব্রিটিশ কাউন্সিলের তত্বাবধানে পরিচালিত ইংলিশ মিডিয়াম নরসিংদীর আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল থেকে অংশ গ্রহণ করে এমন ফলাফল করেছে সে। এর আগে ছোট সময়ে মায়ের কাছে মাত্র ১৫ মাসে কোরআন হেফজ সম্পন্ন করেছে। আবার মাঝে মধ্যে মাদ্রাসার সিলেবাসও শেষ করছে ইব্রাহিম। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইব্রাহিম তিনটি বিষয়ে শতকরা ৮০ ভাগ ও ৫টি বিষয়ে শতকরা ৯০ ভাগ নম্বর পেয়ে গৌরবময় ফলাফল করেছে। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এর অধীনে ও লেভেল পরীক্ষায় সাধারণ গণিত বিষয়ে ইব্রাহিম পূর্ণ ১০০ পেয়ে কান্ট্রি তথা ওয়ার্ল্ড হাইয়েস্ট নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছে। ইব্রাহিম সরাইলের অরূয়াইল ইউনিয়নের রাণিদিয়া গ্রামের বাসিন্দা মাওলানা খালেদ সাইফুল্লাহ আল হুদার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারূল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস। একই মাদ্রাসায় পড়ালেখা করছেন ইব্রাহিম। এমন কৃতিত্বের জন্য ইব্রাহিম প্রতিষ্ঠানের ডাইরেক্টর নাসরিন সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, পিতা-মাতা ও স্বজনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের দোয়াও প্রত্যাশা করছেন ওয়াফী।