চিকিৎসক কর্তৃক আরেক চিকিৎসককে হেনস্তার অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৪ এএম
চিকিৎসক কর্তৃক আরেক চিকিৎসককে হেনস্তার অভিযোগ

বরিশাল নগরীতে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে মিডটাউন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টার দিকে মিডটাউন হাসপাতালে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডা. শাওনকে গালিগালাজ করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পরে হাসপাতালের গার্ড ও স্টাফদের ডেকে তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি জরায়ু অপারেশনের রোগীর অস্ত্রোপাচারের সময় ডা. আনোয়ার নিজেই অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেন। একপর্যায়ে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে অপারেশন সম্পন্ন না করেই সেলাই করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে মিডটাউন হাসপাতালেই ভর্তি রাখা হয়। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না হয়েও ডা. আনোয়ার কেন নিজে এনেস্থেশিয়া দিয়েছেন-এমন প্রশ্ন তোলাকে কেন্দ্র করেই ডা. শাওনের সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি বাকবিতণ্ডায় রূপ নেয় এবং ডা. শাওনকে হেনস্তা করা হয়।

ডা. শাওনের দাবি-ডা. আনোয়ার কোনো নির্দিষ্ট বিশেষজ্ঞ না হয়েও বিভিন্ন ধরনের অস্ত্রোপাচার করেন এবং নিজেই অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেন। এতে রোগীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এমন আপত্তি জানানোতেই তাকে হেনস্তার শিকার হতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মিডটাউন হাসপাতালের এমডি ডা. আনোয়ার হোসেন বলেন, আমি এমবিবিএস পাস। দীর্ঘ বছরের অভিজ্ঞতা রয়েছে। তাই সব অপারেশনই আমি পারি। অ্যানেস্থেশিয়া বিষয়েও আমি অভিজ্ঞ। ডা. শাওন এতে ঈর্ষান্বিত হয়ে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। রাগের মাথায় তাকে দু-একটা বকাঝকা করেছি। তবে তাকে আমি কোনো প্রকার হেনস্তা করিনি।

আপনার জেলার সংবাদ পড়তে