আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান বিভিন্ন বাজারে সার ডিলারের দোকান পরিদর্শন করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
বাজারের গাজী এন্টারপ্রাইজ ও তৃষা এন্টারপ্রাইজসহ তিনটি দোকান ও আশাশুনি সদরের দুটি দোকান এবং উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকান আকস্মিক পরিদর্শন করেন। কৃষকদের মাঝে সঠিক মূল্যে ও নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই পরিদর্শন পরিচালনা করেন তিনি। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন খুচরা ও পাইকারি সারের দোকান ঘুরে দেখেন, সারের স্টক রেজিস্ট্রার যাচাই করেন এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে সার বিক্রির নির্দেশনা প্রদান করেন। এসময় সারের কৃত্রিম সংকট রোধ এবং কোনো প্রকার অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি। পরিদর্শনকালে কৃষি কর্মকর্তা কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং ডিলারদের স্বচ্ছতা বজায় রেখে সার বিতরণে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।