প্রশাসনে বড় পরিবর্তন, জনপ্রশাসন-স্বাস্থ্য-সংস্কৃতিতে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ পিএম
প্রশাসনে বড় পরিবর্তন, জনপ্রশাসন-স্বাস্থ্য-সংস্কৃতিতে নতুন সচিব

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন সচিবকে বদলি ও পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ক্যাবিনেট বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহানকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী অবসর দেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর তাঁর বয়স ৫৯ বছর পূর্ণ হবে।

অবসরোত্তর সুবিধা হিসেবে নাসরীন জাহান ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন। একই সঙ্গে ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।

নতুন পদায়নের মাধ্যমে জনপ্রশাসন, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ এবং সংস্কৃতি বিষয়ক প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নেতৃত্বে পরিবর্তন এলো।

আপনার জেলার সংবাদ পড়তে