বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৭ আগষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সুপারিশক্রমে কমিটি অনুমোদন দেন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা,নির্বাহী সভাপতি জুলফিকার আলী প্রামাণিক। নবগঠিত কমিটিতে জেঠাগ্রাম পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার আহাম্মদকে সভাপতি এবং শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহমেদ ভূইঁয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষকদের পেশাগত অধিকার ও কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান ও কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইদা গুলশানারা। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে চৈয়ারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসির উদ্দিন,মহিলা সম্পাদক পদে আলাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা.শিরিন আক্তার ও অর্থ সম্পাদক পদে রয়েছেন নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন ।
কমিটিতে একাধিক যুগ্ম-সাধারণ সম্পাদক ছাড়াও অর্থ, শিক্ষা, ক্রীড়া, সাহিত্য, ধর্ম, প্রচার, যোগাযোগ, সাংস্কৃতিক, সমাজকল্যাণ,তথ্য, আইন, সমবায়, আইসিটিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন শিক্ষককে সদস্য করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন,শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে তারা কাজ করবেন। শিক্ষকরা আশা করছেন,নতুন নেতৃত্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।