বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৭ পিএম
বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের সংযোগ সড়ক ও মীরগঞ্জ বাজারসংলগ্ন বেড়িবাঁধ নদীভাঙনের কবলে পড়ে বিলীনের পথে। বাঁধ ও সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থায় আশপাশের পাঁচ শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নিলে দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদীভাঙন অব্যাহত থাকলেও তা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে বেড়িবাঁধ ও সড়কের একটি অংশ নদীর দিকে ধসে পড়েছে। এতে যেকোনো সময় সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের মানুষের চলাচলের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলাকার কৃষকেরা এ পথ ব্যবহার করে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন করেন। 

সড়কটি ভেঙে গেলে কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হবে। তাদের দাবি, ভাঙন অব্যাহত থাকায় নদীর তীরবর্তী কৃষিজমি ও বসতভিটাও ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সরেজমিন পরিদর্শন করে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, সময়মতো বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া না হলে শুধু সড়ক ও বেড়িবাঁধই নয়, আশপাশের কৃষিজমি ও জনবসতিও নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার জনপদ রক্ষা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে