জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, ডা. এম. আর. ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুর হক এবং প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী। এছাড়াও এলাকার গুণী সংগীতশিল্পী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়। তাই তরুণ প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পরে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।