তৃণমূলের নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি এবং সিএমএসএমই খাতের বিকাশে সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসা পরিচালনা, তহবিল ব্যবস্থাপনা ও ব্যাংক ঋণ পাওয়ার প্রক্রিয়া নিয়ে উদ্যোক্তাদের বাস্তবমুখী দিকনির্দেশনা দেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ‘সিএমএসএমই ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ শহরের সব তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের যৌথ উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সার্বিক লিড ব্যাংকিং তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রূপু। অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান চম্পক কিশোর দত্তের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল ফজল, অগ্রণী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস এম শহিদুল ইসলাম, জনতা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়রা জাহান রূপু বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সিএমএসএমই খাত চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। ব্যাংক ও উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টা স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে।
প্রশিক্ষণের একপর্যায়ে স্থানীয় সফল নারী উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন। নারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য দেন সৈয়দা ফারহানা ইমা ও তৃষ্ণা আক্তার রুসনা বেগমসহ অনেকে। তারা নিজেদের ব্যবসায়িক পথচলা, নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সফলতার অভিজ্ঞতা তুলে ধরে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা পদ্ধতি, দক্ষ তহবিল ব্যবস্থাপনা, ব্যাংক ঋণের আবেদন প্রক্রিয়া এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বাস্তবমুখী পরামর্শ দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি চম্পক কিশোর দত্ত অংশগ্রহণকারী ব্যাংকের প্রতিনিধি ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও ব্যাংকগুলোর পক্ষ থেকে এ ধরনের সহায়ক ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।