কিশোরগঞ্জে পোল্ট্রি ফিসারিজ গবাদি পশুর খাদ্যার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিম ও মাংসের ন্যায্যমূল্যের দাবীতে মানববন্ধন করেছেন জেলার কয়েক শতাধিক পোল্ট্রি খামারিরা। একই সঙ্গে পোল্ট্রি খাতকে চলমান সংকট থেকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সোমবার (৩১ আগষ্ট ) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা ।
এসময় খামারিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাজারে ডিম ও পোল্ট্রি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।
তারা আরও জানান, উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারমূল্য কম থাকায় অনেক খামারি ব্যাংক ও এনজিও ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। পাশাপাশি খাদ্য, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে পোল্ট্রি শিল্পের সংকটের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। খামারিদের দাবি, বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণ থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষা, ন্যায্য বাজারমূল্য নিশ্চিতকরণ এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দেশের পোল্ট্রি খাতের পাশাপাশি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তাও মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম,খামারী মো. শহীদ মল্লিক, আব্দুল ওয়াদুদ, বিপি আইএর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সুলায়মান কবির ও হাফেজ মাও রাশিদ আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারি ও নেতৃবৃন্দ।