ফুলগাজী নয়, পুরো ফেনীই প্রধানমন্ত্রীর নানাবাড়ি: পানি সম্পদমন্ত্রী

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৬:০৬ পিএম
ফুলগাজী নয়, পুরো ফেনীই প্রধানমন্ত্রীর নানাবাড়ি: পানি সম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফেনী সফরকে ঘিরে ফুলগাজীতে জনসভাসহ তিনটি কর্মসূচির কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর জন্য এসব কর্মসূচি আয়োজনের প্রত্যাশা রয়েছে। তবে সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। মঙ্গলবার (২৫ আগস্ট) ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ফুলগাজীর পাইলট স্কুল মাঠে একটি সমাবেশ আয়োজনের প্রত্যাশা রয়েছে। ওই সমাবেশে প্রধানমন্ত্রী অংশ নিয়ে এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ফেনী শহরে সুধীজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সবকিছু মিলিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর সময় পাওয়ার প্রত্যাশা করছেন তারা। তাঁর সময়সূচি অনুযায়ী কর্মসূচিগুলো চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রীর নানাবাড়িতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘এখন পর্যন্ত তাঁর প্রোগ্রাম শিডিউল হয়নি। তবে আমাদের অগ্রাধিকার কর্মসূচি হিসেবে তিনটি বিষয় দৃশ্যমানভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। নানাবাড়িতেও যেতে পারেন।’

তিনি বলেন, ‘পুরোটাই তো নানার বাড়ি। পুরো ফেনীই নানার বাড়ি।’ এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ফেনীর দীর্ঘদিনের রাজনৈতিক ও স্মৃতির সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ফেনীর মানুষ দীর্ঘদিন তাঁর সঙ্গে রাজনীতি করেছেন এবং এলাকার মানুষ তাঁর ভক্ত। পরে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে