ছয় মাসে উন্নয়নের চিত্র তুলে ধরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:২৯ পিএম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য এবং ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গত ছয় মাসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভয়নগরকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য উপজেলায় রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

সোমবার(২৪আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় নওয়াপাড়ার এলবি টাওয়ারের রুফটপ গার্ডেনে  নওয়াপাড়া প্রেসক্লাব ও অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে “বিগত ছয় মাসের উন্নয়ন কার্যক্রম ও আগামীতে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিকরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জলাবদ্ধতা, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এমপি গোলাম রসুল প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত ছয় মাসে ভবদহ মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে ধরে এমপি বলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমপ্রতি হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অভাব এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি স্থানীয় সমস্যা নয়, বরং হাজারো মানুষের জীবন-জীবিকা ও কৃষির সঙ্গে জড়িত একটি জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। এ সমস্যা সমাধানে আমডাঙ্গা, রাজাপুরসহ বিভিন্ন খাল পুনঃসংস্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্তকরণ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর করে কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ এবং সাধারণ মানুষের চলাচল সহজ করাই এসব প্রকল্পের মূল লক্ষ্য।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে এমপি গোলাম রসুল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়নের ইতিবাচক দিকের পাশাপাশি সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জলাবদ্ধতা নিরসন, ভৈরব নদ দখল মুক্ত ও খনন করা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনার দাবি জানান। একই সঙ্গে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য তাওহীদ হাসানসহ নওয়াপাড়া প্রেসক্লাব, অভয়নগর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা সভাপতি শাহাজান কবির, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মহিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান, সাবেক পৌর আমির আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে