মেয়ের কণ্ঠে কথা, টার্গেট প্রবাসী

ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৪৬ পিএম
ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলত তারা। এরপর নানা কৌশলে হাতিয়ে নিত ব্যক্তিগত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ। ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাক করে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি অভিনব কায়দায় প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করত। অনেক ক্ষেত্রে মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিশ্বাসের ফাঁদে ফেলত। পরে বিভিন্ন কৌশলে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হতো। অভিযোগ রয়েছে, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হতো। এভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার এসআই মো. আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৩ আগস্ট দিবাগত রাত অর্থাৎ ২৪ আগস্ট ভোর সোয়া ৪টার দিকে লালপুর থানাধীন জোতগৌরী গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং চক্রটির দুই সদস্যকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত যাচাই করে চক্রটির প্রতারণার ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তিনি ।

আপনার জেলার সংবাদ পড়তে