সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণকে কেন্দ্র করে রেল কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মো. মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. জিয়াউল আহসান, সিনিয়র লোকোমাস্টার মো. আমিনুল ইসলাম এবং সিনিয়র টিটিই মো. গোলাম মোস্তফাসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ আগস্ট ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কয়েকজন যাত্রী টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণ করছিলেন। রেলওয়ের নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে ওই যাত্রীরা ক্ষিপ্ত হয়ে রেল কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তারা। পরে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে একটি সংঘবদ্ধ দল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এএসআই ফজলুর রহমান আহত হন।
বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্ব পালনের সময় রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধন শেষে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মিছিলটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে রাজশাহী রেলভবনে গিয়ে শেষ হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, ৭ আগস্ট সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া যাত্রী ওঠাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ওই ঘটনার জেরে রাজশাহী রেলওয়ে স্টেশনে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের আসাম কলোনি এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে রেলওয়ের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।