সুর আর ছন্দের মূর্ছনায় মুখর হয়ে উঠল কক্সবাজারের রামু। খুদে ও তরুণ শিল্পীদের সংগীত পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে দর্শক-শ্রোতাদের মাঝে। শনিবার সন্ধ্যায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে নন্দন সুকুমার ও ললিতকলা পীঠের বিশেষ আয়োজন ‘নন্দনের সুরের বাঁধন’ অনুষ্ঠিত হয়।
সংগীতশিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামুর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন নন্দন সুকুমার ও ললিতকলা পীঠের প্রতিষ্ঠাতা ও চারুকলার শিক্ষক রেজাউল করিম রেজু। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের পথচলা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সভাপতি মাস্টার মো. আলম, কক্সবাজার সংগীত ভবনের পরিচালক বিভাস সেনগুপ্ত জিগমী, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম এবং শব্দায়ন আবৃত্তি একাডেমি রামুর সাধারণ সম্পাদক নীলোৎপল বড়ুয়া।
আনুষ্ঠানিকতা শেষে নন্দনের শিক্ষার্থীদের সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। একের পর এক সমবেত ও একক সংগীত পরিবেশন করেন খুদে ও তরুণ শিল্পীরা। তাদের দরাজ কণ্ঠে জনপ্রিয় ও হৃদয়ছোঁয়া গানের সুরে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মিলনায়তন। প্রতিটি পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী এবং নন্দনের পরিচালক ওস্তাদ ফারুক আহমেদ। তাঁর একক সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। শিক্ষার্থীদের সংগীতচর্চা ও প্রতিভা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে সুরের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে শেষ হয় এ অনুষ্ঠান।