আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম
আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
ছবি: FNS

এক রাতের আগুনে পুড়ে ছাই হয়েছে সাজানো সংসার। বসতঘরের চারটি কক্ষের সঙ্গে মারা গেছে ছয়টি গরু ও চারটি ছাগল। পুড়ে গেছে হাঁস-মুরগি, কবুতর ও ঘরে রাখা প্রায় ছয় মণ তামাক। এমন বিপর্যয়ে দিশেহারা আমজাদ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ ছাড়া রংপুরের জেলাপ্রশাসক পরিবারটিকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। এতে চারটি কক্ষের সবকিছু পুড়ে যায়। গোয়ালঘরে থাকা গরু-ছাগলও রক্ষা পায়নি। চোখের সামনে আগুনে পুড়ে যায় পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও জীবিকার সম্বল।এক রাতেই সব হারিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবারটি।

আপনার জেলার সংবাদ পড়তে