২০১৮ সালে কেপটাউনে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সবাই জানতো, আত্মজীবনীমূলক বই ‘সবর’ এ উসমান খাজার এমন দাবি অস্বীকার করেছেন অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ৮ বছর আগের সেই ঘটনায় সবার জড়িত থাকার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করার পর প্রথমবার খাজার বক্তব্য জানা গেল। ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সেই বিতর্কিত টেস্ট নিয়ে একটি অধ্যায় লিখে পুরোনো বিতর্ক আবার উসকে দেন খাজা। এনিয়ে যেন বিভক্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। গতকাল রোববার সিডনি বিমানবন্দরে সাবেক ওপেনার আবারও জোরালোভাবে বলেন, বইয়ে তিনি যা লিখেছেন সবই সত্যি। কামিন্সের এক ঘণ্টারও বেশি সময় ধরে করা সংবাদ সম্মেলনের পর খাজার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় ছিলেন অনেকে। গতকাল রোববার তাকে পাওয়া যায় সিডনি বিমানবন্দরে। দ্য অস্ট্রেলিয়ান-এর মুখোমুখি হন খাজা। তাকে নিরাপত্তা দিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান দায়িত্ব পালনকারী ম্যানেজার। পরে তাকে ফ্লাইট পর্যন্ত সঙ্গ দেন কান্তাসের এক কর্মী। এর আগে খাজার বইয়ের কিছু অংশ প্রকাশ করে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। সেখানে দাবি করা হয়েছিল, মূল অভিযুক্ত ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট ছাড়াও অন্য ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরাও বল টেম্পারিংয়ের পরিকল্পনা জানতেন। তার আগের টেস্ট পোর্ট এলিজাবেথেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে জানান তিনি। গত মঙ্গলবার বই প্রকাশিত হওয়ার দিনে তিনি এবিসি-এর ৭.৩০ প্রোগ্রামে হাজির হন। সেখানে সঞ্চালকের প্রশ্নবাণে জর্জরিত হয়ে ঘাম ছুটেছিল তার। বেশিরভাগ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। এরপর খাজা হয়ে যান নীরব। দ্য অস্ট্রেলিয়ান-এর সাংবাদিক প্রশ্ন করেন, চুপ করার আগে তিনি কোনো বোমা ফাটানোর কাজ করেছেন কিনা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ওই কেলেঙ্কারির পর ব্যানক্রফটের নীরবতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে আগের অবস্থানেই থাকার কথা পুনর্ব্যক্ত করেন। খাজা বলেছেন, ‘আমি আমার বইতে যা লিখেছি, তা-ই সত্যি। আমার আর কিছু বলার নেই। ক্যামেরন ব্যানক্রফটের নামে বলছি, আমার আর কিছু বলার নেই।’ নিজের বইয়ে বর্ণবাদের যে অভিযোগ এনেছেন, সেই প্রশ্নেরও উত্তর দেননি তিনি। এছাড়া নেতৃত্ব বাছাই নিয়ে তার দাবি সম্পর্কেও কোনো কথা বলেননি। খাজার অভিযোগগুলোকে ‘দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ আখ্যা দিয়েছিলেন কামিন্স। সেই ব্যাপারে জানতে চাইলেও মুখ খোলেননি সাবেক ওপেনার।