স্বপ্নের টেস্ট অভিষেকটা দুঃস্বপ্নে পরিণত হলো মাহফিজুল ইসলাম রবিনের। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ পরিসরে প্রথম টেস্টের প্রথম বলেই সাজঘরে ফিরতে হলো তরুণ এই ওপেনারকে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার বিরল তালিকায় যুক্ত হয়েছে তার নাম। টেস্ট ইতিহাসে মাহফিজুলের আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মাত্র তিনজন। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিকও নিজেদের প্রথম টেস্টের প্রথম বলেই উইকেট হারিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটেও এই অনাকাঙ্ক্ষিত তালিকায় মাহফিজুলের আগে ছিলেন তিনজন। তবে তাদের কেউই ওপেনার ছিলেন না। ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক এবং ২০১৮ সালে নাজমুল ইসলাম নিজেদের টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হয়েছিলেন। মাহফিজুলই বাংলাদেশের প্রথম ওপেনার, যিনি অভিষেক টেস্টের কোনো ইনিংসের প্রথম বলেই আউট হলেন। অন্যদিকে, ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন কাগিসো রাবাদা। তার আগে এই কীর্তি ছিল বার্ট ভোলার, অ্যালান ডোনাল্ড ও ডেল স্টেইনের। ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভোলার, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোনাল্ড এবং ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্টেইন ম্যাচের প্রথম বলেই প্রতিপক্ষের উইকেট তুলে নিয়েছিলেন।