পোশাক শিল্পের অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫২ পিএম
পোশাক শিল্পের অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে
ছবি: FNS

জ্বালানি সংকটের কারণে সাম্প্রতিক সময়ে দেশের পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত হয়েছে। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই শুরু হয়েছে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন। এই অস্থিরতা দীর্ঘায়িত হলে পুরোনো ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন ক্রয়াদেশ হারানোর আশঙ্কা করছেন শিল্পমালিকরা। এ অবস্থায় শ্রমিক ও শিল্প উভয়ের স্বার্থ রক্ষা হয়Ñএমন পদক্ষেপ গ্রহণে গুরুত্ব দিচ্ছেন তারা। শ্রমিকদের এই আন্দোলনকে ঘিরে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্দোলনের কারণে রাজপথ অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং বিশেষ করে জরুরি প্রয়োজনে বের হওয়া রোগীরা যে অবর্ণনীয় ভোগান্তির স্বীকার হচ্ছেন, তা কোনোভাবেই কাম্য হতে পারে না। গণমাধ্যমের প্রতিবেদন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সাধারণ শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই আন্দোলনে অনুপ্রবেশ করেছে। পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসের যান এবং মিরপুরে মেট্রোরেলের মতো রাষ্ট্রীয় স্থাপনায় হামলা প্রমাণ করে, এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে। শ্রমিকদের ঢাল হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করা এবং অর্থনীতির মূল চালিকাশক্তিকে ধ্বংস করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা অপরিহার্য। একইসঙ্গে শিল্পের চাকা সচল রাখতে মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-কে আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৈরি পোশাক শিল্পে অতীতেও অস্থিরতার বহুমাত্রিক বিরূপ প্রভাব দৃশ্যমান হয়েছে বটে, কিন্তু এবার দেশে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে এই শিল্পে ইতোমধ্যে দফায় দফায় যে শ্রমিক অসন্তোষ পরিলক্ষিত হয়েছে তাতে নিরুদ্বিগ্ন থাকার কোনো উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির এই চরম ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে পরিস্থিতি বিশ্লেষণ করলে বলতে হবে, কেবল আবেগ বা রাজনৈতিক দোষারোপ দিয়ে এই খাতের টেকসই সমাধান সম্ভব নয়। সামনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর পোশাক খাতে আর সরকারিভাবে কোনো নগদ আর্থিক প্রণোদনা দিতে পারবে না। তখন সস্তা শ্রম বিক্রি করে বিশ্ববাজারে টিকে থাকার দিন চিরতরে ফুরিয়ে যাবে। আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনামের দিকে তাকালে আমড়া দেখতে পাই, তারা সস্তা শ্রমের বদলে প্রযুক্তির ব্যবহার, উচ্চ মূল্য সংযোজন এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের পণ্য বাণিজ্যের আকার ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে গেছে। অথচ, আমড়া এখনও সস্তা শ্রমিকের ওপর ভর করে টিকে থাকার অবাস্তব স্বপ্ন দেখছি। সস্তা শ্রমের দিন শেষÑএই বাস্তবতাকে মেনে নিয়ে উন্নত প্রযুক্তি, বাজার বহুমুখীকরণ এবং শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল আমড়া আমাদের পোশাকশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।

আপনার জেলার সংবাদ পড়তে