শৈলকুপায় নতুন ধান উঠছে বাজারে, দাম কমে হতাশ কৃষক

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০২:০০ পিএম
শৈলকুপায় নতুন ধান উঠছে বাজারে, দাম কমে হতাশ কৃষক
ছবি: FNS

ঝিনাইদহের শৈলকুপার হাটবাজারগুলোতে নতুন আমন ধান উঠতে শুরু করেছে। তবে বাজারে ধানের দাম কম থাকায় কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
শৈলকুপা সদর, রয়ড়া,ভাটই, গাড়াগঞ্জ, খুলুম বাড়িয়া, কাতলা গাড়ি, শিতালি, ধাওড়া,হাট ফাজিলপুর ও লাঙল বাঁধ সহ বিভিন্ন হাট বাজারে বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।
হাট ফাজিলপুরের কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হচ্ছে। অথচ জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকারও বেশি। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে তেমন লাভ থাকছে না। লাঙল বাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ জানান সরকারি ভাবে যদি সরাসরি কৃষক দের কাছ থেকে ধান ক্রয় করে তাহলে কৃষক লাভবান হবে।আমি ১১শ ৩০ টাকা দরে প্রতিমন ধান বিক্রি করলাম।
কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ধানের দাম কম থাকায় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়লেও সেই তুলনায় ধানের দাম বাড়ছে না।এ অবস্থায় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন কৃষকরা। তাদের দাবি, সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে কৃষকরা কিছুটা হলেও লোকসানের হাত থেকে রক্ষা পাবেন।
লাঙল বাঁধ বাজারের ধান ব্যবসায়ী রিপন হোসেন জানান, প্রতিমন ধান ১১শ থেকে ১১শ ৫০ টাকা দরে কিনছি।
উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান জানান,এবার প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে কৃষক ধান চাষ করেছে। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর ধান ভালো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে