রাজশাহীর গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে তিন দিনব্যাপী রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দিনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি হয়।
রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে এবং সিসিবিভিও, রাজশাহী ও জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এতে ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১৪০টি সাংস্কৃতিক দল অংশ নেয়। পাশাপাশি আটটি জনজাতির ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও সংস্কৃতি তুলে ধরতে কৃষি ও স্বীকার সরঞ্জাম, গৃহস্থালি সামগ্রী, পোশাক, অলংকার ও ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন উপকরণ নিয়ে ৪৫টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক আবদুস সালাম, সহসভাপতি আরিফা বেগম, নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক সারওয়ার-ই-কামাল, সহ-সম্পাদক তাহেরা খাতুন, নির্বাহী সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ড. মো. আমিরুল ইসলাম, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী এবং কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন জনজাতির নেতৃবৃন্দ।
মেলায় জনজাতিভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, রচনা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শনীর ভিত্তিতে বিভিন্ন স্টল মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণীতে সাঁওতাল জনজাতির বিভাগে প্রথম স্থান অর্জন করে গণক রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। উরাও জনজাতির বিভাগে প্রথম হয় পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। পাহাড়িয়া জনজাতির বিভাগে ডাইংপাড়া, মুন্ডা জনজাতির বিভাগে বটতলী এবং রাজোয়ার জনজাতির বিভাগে মাধাইপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে প্রদর্শনী স্টল ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে কাদমা মুরালীপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। পুরস্কার বিতরণী শেষে অতিথিরা বিভিন্ন জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রদর্শিত ঐতিহ্যবাহী কৃষি ও স্বীকার সরঞ্জাম, পোশাক, অলংকার, খাদ্যসামগ্রী এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সম্পর্কে ধারণা নেন।
বার্ষিক মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক সেপরাতুস বিশ্বাস, কাদমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা সরেন, মাসাউসের প্রকল্প সমন্বয়কারী মাইকেল মারান্ডী এবং প্রশান্ত মিঞ্চ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। সিসিবিভিওর পক্ষে উপস্থিত ছিলেন সমন্বয়কারী আরিফ ইথার, সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন ও প্রদীপ মার্ডীসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা এবং সমাজ সংগঠকরা।
তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন জনজাতির ঐতিহ্যবাহী নৃত্য, গান, সাহিত্যচর্চা, পোশাক, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরা হয়। একই সঙ্গে বিভিন্ন গ্রামের রক্ষাগোলা সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, ঐক্য ও সম্প্রীতি জোরদারের সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃতাত্ত্বিক সাংস্কৃতিক কর্মী এলিজাবেদ টুডু, মানিক এক্কা ও হ্যাপী সরেন। ৭০টি সাংস্কৃতিক দলের পরিবেশনা এবং আটটি জনজাতির ৪৫টি প্রদর্শনী স্টলের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।