শ্রেণিকক্ষের সেই চেনা বারান্দা, খেলার মাঠ, বিদ্যালয়ের আঙিনা আর একসঙ্গে কাটানো দুরন্ত শৈশবের দিনগুলো। সময়ের স্রোতে কেউ হয়েছেন শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউবা রাজনীতিবিদ কিংবা সফল উদ্যোক্তা। জীবনের নানা ব্যস্ততায় ছড়িয়ে পড়েছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু শৈশব-কৈশোরের সেই প্রিয় বিদ্যাপীঠের টান যেন একটুও কমেনি। তাই তো দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে স্মৃতির টানে আবারও একত্র হয়েছেন হাজারো প্রাক্তন ছাত্র
পুরোনো দিনের স্মৃতি, সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন আর বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবে দেশ-বিদেশ থেকে অংশগ্রহণ করেছেন প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘণ উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে অনেকেই খুঁজে ফিরেছেন ফেলে আসা শৈশবের স্মৃতি। কেউ পুরোনো সহপাঠীকে পেয়ে আবেগাপ্লুত হয়েছেন, কেউ আবার স্মৃতির পাতায় হারিয়ে গিয়ে ক্যামেরাবন্দি করেছেন আনন্দঘণ মুহুর্ত। বয়সের ব্যবধান কিংবা পেশাগত পরিচয় ভুলে সবাই যেন ফিরে গেছেন সেই স্কুলজীবনে।
শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর বগুড়া রোড ও সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে দিয়ে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বিদ্যালয়টি শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে নতুন সাজে সেজেছে। প্রায় এক মাস ধরে চলেছে উৎসবের প্রস্তুতি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, শতবর্ষ পূর্তি উদ্যাপন পরিষদের আহবায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন পুরো আয়োজনের সার্বিক তদারকি করছেন।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বেগম সেলিমা রহমান এমপি এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বরণ, স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য, স্মরণিকার মোড়ক উন্মোচন এবং প্রধান অতিথির বক্তব্যের পর বেলুন উড়িয়ে শতবর্ষ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রথম দিনের অনুষ্ঠানমালায় রয়েছে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত।
দ্বিতীয় দিনের আয়োজনেও থাকছে নানাধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণমূলক বক্তব্য, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়সহ বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নারী শিক্ষার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক নাম :
শতবর্ষের এই আনন্দ আয়োজনের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, সংগ্রাম ও নারী শিক্ষার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। যে সময় এ অঞ্চলে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল অনেকটাই দুর্লভ, সেই সময় নারী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল এ বিদ্যাপীঠের।
ইতিহাসের আলোকে জানা গেছে, ১৮৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার বরিশাল শহরে কাঁচাবালিয়ার জমিদার পরিবারসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিতেই স্বল্প পরিসরে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছিল। সে সময় সম্ভ্রান্ত ও বিত্তশালী পরিবারের অল্পসংখ্যক মেয়েকে নিয়ে চলতো পাঠদান।
এই মহতী উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কাঁচাবালিয়ার জমিদার পরিবারের শরৎ চন্দ্র গুহ, বরিশাল বিএম কলেজের প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুষ্পুত্র সরল কুমার দত্ত, খান বাহাদুর হেমায়েত উদ্দিন, অ্যাডভোকেট মৌলভী মফিজউদ্দিন, অবণীনাথ ঘোষ ও মোফাজ্জেল হকসহ আরও কয়েকজন শিক্ষানুরাগী। শরৎ চন্দ্র গুহ বিদ্যালয়ের জন্য রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমি দান করেছিলেন।
পরবর্তীতে ‘বরিশাল সদর বালিকা বিদ্যালয়’ হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা আরও বিস্তৃত হয়। ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ের রূপ লাভ করে। নারী শিক্ষার প্রসারে দক্ষ শিক্ষকের সংকট থাকায় খ্রিষ্টান মিশনারি মিস ডরোথিকে প্রথম প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯২৩ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কবি জীবনানন্দ দাশের পিসি কুমারী স্নেহলতা দাশগুপ্ত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। দেশভাগের পর ১৯৪৮ সালে পশ্চিমবঙ্গে চলে যাওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
সূত্রমতে, ১৯৪৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত টানা দুই দশক প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন শান্তিসুধা গুহ। শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তৎকালীন পাকিস্তান সরকারের ‘তমঘা-ই-পাকিস্তান’ খেতাবে ভূষিত হয়েছিলেন বলে বিদ্যালয়ের ইতিহাসে উল্লেখ রয়েছে।
১৯৬১ সালের ১২ এপ্রিল বিদ্যালয়টি সরকার জাতীয়করণ করে ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ নামকরণ করে। পরবর্তীতে ১৯৬৮ সালে খোদেজা বেগম প্রথম মুসলিম প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৯ সালের পহেলা জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন শুরু করে ১৯৮১ সাল পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন।
শতবর্ষ পেরিয়েও এগিয়ে চলেছে ঐতিহ্যের বিদ্যাপীঠ :
দীর্ঘ পথচলায় এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন লক্ষাধিক ছাত্রী। তাঁদের অনেকে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ও দায়িত্বে নিয়োজিত থেকে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে অবদান রাখছেন। নারী শিক্ষার অগ্রযাত্রায় বরিশাল তথা দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠানটি আজও একটি গৌরবের নাম। বর্তমানে বিদ্যালয়ে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী অধ্যয়নরত রয়েছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ছয়তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্যানুযায়ী, আগামী জুনের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১০ সালে বিদ্যালয়টিতে কয়েক হাজার প্রাক্তন ছাত্রীর অংশগ্রহণে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবারের শতবর্ষ পূর্তি উৎসব সেই স্মৃতিকে আরও বিস্তৃত ও প্রাণবন্ত করে তুলেছে।
বয়সের ব্যবধান ভুলে সবাই আবার স্কুল ছাত্রী :
প্রতিষ্ঠার ১০৩ বছর পর শতবর্ষ উদযাপনের এই আয়োজন যেন কেবল একটি আনুষ্ঠানিক উৎসব নয়, বরং কয়েক প্রজন্মের নারীর এক আবেগময় মিলনমেলা। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রাক্তন ছাত্রীরা আবারও এক কাতারে দাঁড়িয়েছেন প্রিয় বিদ্যালয়ের টানে। কেউ হয়তো কয়েক দশক পর পুরোনো বান্ধবীকে খুঁজে পেয়েছেন, কেউ ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া স্কুলজীবনের গল্প। কারও চোখে আনন্দঅশ্রু, কারও মুখে উচ্ছ্বাসের হাসি। সব মিলিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে তার হারানো দিনের প্রাণচাঞ্চল্য।
প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর এই মিলনমেলা শুধু শতবর্ষ উদ্যাপন নয়; এটি নারী শিক্ষার অগ্রযাত্রার ইতিহাস, বন্ধুত্বের বন্ধন, স্মৃতির পুনর্জাগরণ এবং একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ। সময়ের ব্যবধানে বদলে গেছে অনেক কিছু। বদলেছে বিদ্যালয়ের অবকাঠামো, বদলেছে শিক্ষার্থীদের জীবন ও পরিচয়। কিন্তু বদলায়নি প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি এসব ছাত্রীদের ভালোবাসা। শেকড়ের প্রতি টান আর সহপাঠীদের সঙ্গে কাটানো দিনগুলোতে সবাই ফিরে গেছেন ফেলে আসা দিনের স্মৃতিতে।