নতুন নতুন কৌশলে হচ্ছে ছিনতাই

এফএনএস | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৪:০৫ পিএম
নতুন নতুন কৌশলে হচ্ছে ছিনতাই
ছবি: FNS

ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে অপরাধীদের কৌশল বদলাচ্ছে। আগে সাধারণত নির্জন সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা চলন্ত যানবাহন থেকে ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা বেশি দেখা যেত। এখন মানুষকে নানা প্রলোভনে ফেলে, ভুয়া পরিচয় ব্যবহার করে, এমনকি সড়কে প্রাণঘাতী ফাঁদ তৈরি করেও ছিনতাই করা হচ্ছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি বাড়ছে প্রাণহানির ঝুঁকিও। সম্প্রতি রাজধানীর ফ্লাইওভারগুলোতে ‘সুতা-ডাকাতি’র খবর সামনে আসছে। রাতের অন্ধকারে ফ্লাইওভারের দুই পাশে শক্ত নাইলনের সুতা টানিয়ে মোটরসাইকেলচালকদের ফাঁদে ফেলা হচ্ছে। সুতায় আটকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাঁর টাকা, মুঠোফোন, ল্যাপটপ এমনকি মোটরসাইকেলও নিয়ে পালিয়ে যাচ্ছে। মহাখালী ও যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। এর আগে ১৯ সেপ্টেম্বর রিকশায় থাকা এক যাত্রীকে ছুরি দেখিয়ে জিম্মি করে পকেট কেটে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ২৫ সেপ্টেম্বর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। আবার ৩০ সেপ্টেম্বর আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে ডেকে এনে মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অর্থাৎ অপরাধীরা এখন পরিচিত ও স্বাভাবিক পরিস্থিতিকেও ছিনতাইয়ের ফাঁদ হিসেবে ব্যবহার করছে। ছিনতাইয়ের এমন বিস্তারের পেছনে অপর্যাপ্ত নজরদারি, অন্ধকার সড়ক, সিসিটিভির অভাব এবং অপরাধীদের দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ বড় ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার আশঙ্কায় অভিযোগ করতেও আগ্রহী হন না। ফলে অপরাধীরা একই কৌশলে বারবার অপরাধ করার সুযোগ পাচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ সড়ক, ফ্লাইওভার, বাসস্ট্যান্ড ও নির্জন এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। ছিনতাইয়ের নতুন কৌশল সম্পর্কে পুলিশকে দ্রুত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ছিনতাই শুধু মানুষের অর্থসম্পদ কেড়ে নেয় না, অনেক সময় কেড়ে নেয় জীবনও। অপরাধীরা যখন নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধব্যবস্থাও হতে হবে সময়োপযোগী ও কার্যকর। সড়কে চলাচলের সময় মানুষ যেন ছিনতাইয়ের আতঙ্কে না থাকে, সেই নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিয়মিত নজরদারি, দ্রুত তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ছিনতাইয়ের এই প্রবণতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।