রাজনীতিতে পদ-পদবির চেয়ে কর্মীদের ভালোবাসা, আস্থা অর্জন এবং দুঃসময়ে পাশে থাকাই একজন নেতার বড় পরিচয়। দীর্ঘ রাজনৈতিক পথচলায় এসব বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে পরিচিতি পেয়েছেন উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। দীর্ঘদিন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে সদস্য সচিব হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে দলীয় কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিন্স। তাঁর রাজনৈতিক পথচলার অন্যতম আলোচিত দিক হলো তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক। দলীয় নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকা, তাঁদের খোঁজখবর নেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত রাখার চেষ্টা তাঁকে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত করেছে বলে মনে করেন তাঁর অনুসারীরা। বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ফরিদ হোসেন বলেন, ওয়াহিদুল ইসলাম প্রিন্স দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। বিশেষ করে আন্দোলন-সংগ্রাম ও দলের প্রতিকূল সময়ে তাঁর সাংগঠনিক ভূমিকা এবং কর্মীদের আগলে রাখার মানসিকতা প্রশংসনীয়। একজন নেতা হিসেবে কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্কই তাঁর নেতৃত্বের অন্যতম পরিচয়। দলীয় রাজনীতিতে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিষয়গুলোও প্রিন্সের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। স্থানীয় নেতাকর্মীদের অনেকের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ওয়াহিদুল ইসলাম প্রিন্স বরাবরই কর্মীদের বিপদে-আপদে পাশে থেকেছেন। বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম ও দলের দুঃসময়ে তাঁর নেতৃত্বের গুণাবলির প্রকাশ ঘটেছে। অথচ বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, তা সংগঠনের জন্য ইতিবাচক নয়। ওই নেতা আরও অভিযোগ করেন, আহ্বায়ক সুলতান আহমেদ খান ব্যক্তিগত রাজনৈতিক বিরোধ থেকে সদস্য সচিব প্রিন্সের বিরুদ্ধে বিরূপ আচরণ করছেন। তাঁর দাবি, অতীতে ক্ষমতাসীন দলের সঙ্গে সুসম্পর্ক রেখে সুলতান আহমেদ খান ব্যাবসা-বাণিজ্যে সুবিধা নিয়েছেন। অন্যদিকে প্রিন্স প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। উপজেলা বিএনপির অভ্যন্তরীণ মতপার্থক্য ও নেতৃত্বের টানাপোড়েনের মধ্যেও নিজের সাংগঠনিক অবস্থান এবং নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন প্রিন্স। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার চিন্তা কখনোই করিনি। সবসময় চেষ্টা করেছি আমার কর্মী-সমর্থকদের বিপদে-আপদে পাশে থাকতে এবং তাঁদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে। দলের মধ্যে একশ্রেণির সুবিধাবাদী ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি সবসময় সংগঠন ও নেতাকর্মীদের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংগঠনকে শক্তিশালী করতে নেতৃত্বের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় ও ঐক্যের বিকল্প নেই। বাবুগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান প্রেক্ষাপটে নেতৃত্বের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাই দলটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা এবং নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ককে পুঁজি করে আগামী দিনে বাবুগঞ্জ উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা রয়েছে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের অনুসারীদের। তাঁদের কাছে তিনি কেবল একজন দলীয় পদধারী নেতা নন, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী ও কর্মীদের পাশে থাকা একজন সংগঠক।