হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:১৩ পিএম | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:১৩ পিএম
হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
ছবি: FNS

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে পেট্রল বোমা হামলা বলে সন্দেহ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে বলে ব্যক্তিগতভাবে মনে করেন তিনি। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন এই সংসদ সদস্য।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে আগে যেমন রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এ ধরনের হামলা চালিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না।

নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকি কল পান তিনি। গত মঙ্গলবার এসব ঘটনা উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে জিডি করার পরও বেশ কয়েকটি হুমকি পেয়েছেন।

তিনি আরও বলেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেওয়া হয়েছিল, যা হুমকি হিসেবে দেখছেন তিনি। পরে হামলার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ফেসবুকে পোস্ট দিয়ে উল্লাস করছেন বলেও দাবি করেন নুসরাত।

ঘটনার সময় উল্লেখ করে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হলেও তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলতে চান না তিনি।

বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত তথ্যও নাকচ করেন নুসরাত। তার ভাষ্য, বাড়িটিতে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল। তারা বাড়িটির দেখাশোনা করতেন এবং পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন।

নিজের বেড়ে ওঠার স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ওই বাড়িতেই তার শৈশব কেটেছে। তার ছোট ভাইও সেখানে বড় হয়েছেন। বাবা-মা সংসার করেছেন বাড়িটিতে। এটি তার দাদার তৈরি বসতবাড়ি। সেখানে গবাদিপশুর খামার ও আত্মীয়-স্বজনও ছিলেন। আগুনে বাড়ির অধিকাংশই পুড়ে গেছে। ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে বলেও জানান তিনি।

পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগ করে নুসরাত বলেন, খবর দেওয়ার পর পুলিশ আনুমানিক রাত ১টার দিকে আসে, অর্থাৎ ঘটনার প্রায় এক ঘণ্টা পর। পুলিশ তাদের সাধ্যমতো পাহারা দিলেও ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কেন্দ্র না থাকায় কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায় বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ ও তদন্তের আহ্বান জানিয়ে নুসরাত বলেন, ঘটনার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে বের করতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার নয়, বরং কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও অনিরাপদ। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এ ধরনের ঘটনা বিরোধী দলের একজন বর্তমান সংসদ সদস্যের বাড়িতেও ঘটতে পারে—এটি জুলাই ও জুলাই-সংশ্লিষ্ট সবার জন্য একটি বার্তা বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী, তা স্বরাষ্ট্রমন্ত্রীর জানানো উচিত।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে হামলার যোগসূত্র নিয়ে প্রশ্ন করা হলে নুসরাত বলেন, হামলার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেয়েছেন। হামলার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট দিয়ে উল্লাস প্রকাশ করা হচ্ছে বলে তার দাবি। তবে এসব পোস্টের মাধ্যমে কেউ কেবল ঘটনার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে কি না, সেটিও হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় কারও সংশ্লিষ্টতার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, তিনি এলাকার মানুষকে সন্দেহ করছেন না। তবে ব্যক্তিগতভাবে তার ধারণা, এ ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের দাদার বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে বিকট শব্দ শুনে তারা গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান। বাড়িটির পাশেই নুসরাতের বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। আগুনে তাদের কোনো ক্ষতি হয়নি।

ওই বাড়িতে কেয়ারটেকার একটি পরিবার নিয়ে বসবাস করতেন। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশুগুলো অন্যত্র সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে