আবারও ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম
আবারও ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা
ছবি: FNS

চার দিনের ব্যবধানে আবারও চোটের ধাক্কা লাগল অস্ট্রেলিয়ায় অবস্থান করা ইংল্যান্ড দলে। সাদা বলের অস্ট্রেলিয়া সফর থেকে এবার ছিটকে গেলেন জ্যাকব বেথেল। এই সপ্তাহের শুরুতে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন ইংলিশ ব্যাটার। গত সেপ্টেম্বরে হাঁটুর সমস্যার কারণে অস্ত্রোপচার করানো বেথেল। জুলাই থেকে ইংল্যান্ডের জার্সিতে খেলা হয়নি তার। চলতি সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটো স্কোয়াডেই ছিলেন তিনি। কিন্তু তার ডান হাঁটুর স্ক্যানের পর নেওয়া হলো নতুন সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের দলেও বেথেল আছেন। সামনে ব্যস্ত শীতকালীন মৌসুম। সেই সময়ের জন্য তাকে প্রস্তুত দেখতে চায় ইংল্যান্ড। তিনি যুক্তরাজ্যে ফিরে যাবেন এবং একজন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নেবেন। লায়নরা অস্ট্রেলিয়ায় পা রাখার পর এনিয়ে দ্বিতীয় চোটের ধাক্কা খেল। এর আগে পেসার জশ টাং ইনজুরির কারণে ছিটকে গেছেন। বেথেল ও টাংয়ের বদলি হিসেবে পার্থে দলের সঙ্গে যোগ দেবেন জেমস কোলস ও এডি জ্যাক। তাদেরকে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে। আগামীকাল শুক্রবার শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১৫ ও ১৮ নভেম্বর অ্যাডিলেড ও হোবার্টে। তারপর ২১ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।