টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী, এমন খবর ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। এর মধ্যে কলকাতার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিয়ে নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী। বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, বেশ কয়েক বছর ধরে সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন মিমি। তিনি বাংলা বিনোদন জগতের কেউ নন। পেশাগতভাবে নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে শোনা গেলেও তার পরিচয় ও পেশা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন তথ্য রয়েছে। এ বিষয়ে মিমি নিজেও কোনো মন্তব্য করেননি। সম্প্রতি দক্ষিণ কলকাতায় সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে দেখা যায় মিমিকে। সাদা টি-শার্ট ও ডেনিম পরা অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। স্টোর থেকে বেরিয়ে স্টাইলিস্টকে জড়িয়ে ধরেন তিনি। পরে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে পুরো মুহূর্ত। সব্যসাচী বলিউডের পরিচিত ফ্যাশন ডিজাইনারদের একজন। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি, অদিতি রাও হায়দারি ও রানি মুখোপাধ্যায়সহ অনেক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। ফলে তার স্টোরে মিমির উপস্থিতির পর প্রশ্ন উঠেছে, বিয়ের পোশাকের প্রস্তুতি নিতেই কি সেখানে গিয়েছিলেন অভিনেত্রী? বিভিন্ন সূত্রের দাবি, আগামী নভেম্বরেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন মিমি ও সিদ্ধার্থ। এরপর ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য আয়োজনস্থল হিসেবে উঠে এসেছে কালিম্পংয়ের নাম। জলপাইগুড়ির মেয়ে মিমির কাছে পাহাড়ের সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। তাই শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড়ি পরিবেশে বিয়ের আয়োজন করতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে। আত্মীয়স্বজনদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কথাও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। মিমি ও সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন রয়েছে। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন অভিনেত্রী। তার সম্পর্কের বিষয়টি নিয়েও সহকর্মীদের অনেকের মধ্যে তেমন আলোচনা ছিল না বলে দাবি ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টদের। বিয়ের খবর সামনে আসার পরও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। আরও জানা যাচ্ছে, কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনদের জন্য রিসেপশনের আয়োজন করতে পারেন মিমি ও সিদ্ধার্থ। পাহাড়ে ঘরোয়া আয়োজনের পর কলকাতায় হতে পারে মূল উদ্যাপন। তবে বিয়ের তারিখ, পাত্রের পরিচয় কিংবা অনুষ্ঠানস্থল নিয়ে মিমি চক্রবর্তী বা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে ৫ ডিসেম্বরের বিয়ের খবর এবং সব্যসাচীর স্টোরে অভিনেত্রীর উপস্থিতি ঘিরে তৈরি হওয়া আলোচনা এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।